ছাতকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন বাল্কহেড জব্দ, আটক ২
Led Bottom Ad

ছাতকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন বাল্কহেড জব্দ, আটক ২

নুর উদ্দিন, নিজস্ব প্রতিনিধি, ছাতক

২২/০৮/২০২৫ ১৮:১৬:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। 


আটককৃতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকুট গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


অভিযান পরিচালনা করেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. তরিকুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, ছাতক থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।


এদিকে, শুক্রবার সকাল ৮টার দিকে অভিযান চলাকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বড় বাল্কহেড ও একটি অনুমোদনহীন ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত সদস্যদের দেখে অপরাধীরা পালিয়ে যায়। 


বন বিট কর্মকর্তা মো. আইয়ুব খান ও উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করে সরকারি জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad