নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।
তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশইনের মতো বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করতে পারেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দাবি, সংস্কারের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়গুলোও এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী।
সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার ভাষ্য, ভিন্নমতের প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে এবং সরকারি চাকরিকে রাজনৈতিক ও দলীয় ভিত্তিক করা হয়েছে। সুস্পষ্ট তথ্য ছাড়া ভেরিফিকেশনের নামে কাউকে বাদ দেওয়া যাবে না।
নাহিদ ইসলাম বলেন, কালক্ষেপণ করে সংস্কারকে পিছিয়ে নেওয়ার কৌশল নিয়েছে বিএনপি। যে প্রক্রিয়ায় সংবিধানের মৌলিক পরিবর্তন হবে না, সেটি এনসিপি মেনে নেবে না। সংস্কার বাস্তবায়ন না হলে দলীয় ও জোটগত আন্দোলন আরো বেগবান হবে।
সরকারের সমালোচনা করলেই এনসিপিকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে পুলিশকে ঠিক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশ দলীয় কাজে ব্যবহৃত হবে কি না, সেটি নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, সরকারের দেওয়া সব আশ্বাস মিথ্যা প্রতিপন্ন হচ্ছে। নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ছক আঁকা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এনসিপির তরুণ নেতৃত্ব জয়ী হবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: