শাকিব খানের সঙ্গে আবারও কাজ করতে চান নিরব

শাকিব খানের সঙ্গে আবারও কাজ করতে চান নিরব

প্রথম ডেস্ক

৩০/০৯/২০২৬ ১৩:০১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশীয় পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের মানুষদেরও সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন চিত্রনায়ক নিরব। একই সঙ্গে দর্শকদের আবারও সিনেমা হলে ফেরাতে বড় বাজেটের মাল্টিকাস্ট সিনেমা নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এ অভিনেতা।

আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই কার্নিভাল উপলক্ষে সোমবার আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’-এ উপস্থিত ছিলেন নিরব। সেখানে দেশীয় পর্যটন ও চলচ্চিত্র নিয়ে এসব কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সম্ভাবনার কথা তুলে ধরে নিরব বলেন, শ্রীমঙ্গল, কক্সবাজার, খাগড়াছড়ি, রাজশাহী, বরিশাল ও কুয়াকাটার মতো জায়গাগুলোকে পরিকল্পিতভাবে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। সরকারি সহায়তার পাশাপাশি নিয়মিত পর্যটন কার্নিভালের আয়োজন করলে এসব স্থানে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়বে বলেও মত দেন তিনি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নিরব বলেন, তাদের প্রথম সিনেমা ‘মন যেখানে হৃদয় সেখানে’। সেই সময়ের কাজের অভিজ্ঞতা এখনও মনে পড়ে।

আবারও তার সঙ্গে কাজ করতে চান কি না জানতে চাইলে একটি শর্ত দেন তিনি। নিরব মনে করেন, শাকিব খানের সঙ্গে ভালো কাজের প্রথম শর্ত ভালো গল্প ও চরিত্র। যদি ব্যাটে-বলে মিলে তবে শাকিবের সঙ্গে আবারও কাজ করতে চান তিনি।

দেশীয় চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন নিরব। তার মতে, দর্শকদের আবারও সিনেমা হলে ফেরাতে পরিচালক, প্রযোজক, হল মালিক ও বুকিং এজেন্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে একাধিক জনপ্রিয় তারকাকে নিয়ে বড় বাজেটের মাল্টিকাস্ট সিনেমা নির্মাণ করা যেতে পারে। নিরব বলেন, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রযোজক প্রতিটি মানুষই সিনেমাকে ভালোবাসেন।

এই ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগ থাকলে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’কে ঘিরে পর্যটকদের জন্য নানা আয়োজন থাকছে। আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে দুই দিনের এই কার্নিভাল।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad