দিরাইয়ে বিএনপি নেতা পাবেল চৌধুরীর গণসংযোগ
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল নির্বাচনী এলাকায় ধারাবাহিক গণসংযোগ করে চলেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত স্পিডবোটের বহরে নেতাকর্মী নিয়ে দিরাই ও শাল্লা উপজেলার ৫ ইউনিয়নের ১৩টি বাজারসহ বিভিন্ন গ্রাম চষে বেড়িয়েছেন। প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের সঙ্গে করমর্দন ও কুশলাদি বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফার লিফলেট তুলে দেন এডভোকেট পাবেল। বেলা সাড়ে দশটার দিকে দিরাই পৌরশহরের হারানপুর নৌকাঘাট থেকে যাত্রা শুরু করে একে একে শাসখাই বাজার, ধল বাজার, টেলিফোন বাজার, নাচনী বাজার , মিলনগঞ্জ বাজার, জগদল বাজার, হোসেন পুর বাজার, রতনগঞ্জ বাজার, নগদিপুর বাজার, রায়বাঙালি বাজার, রজনীগঞ্জ বাজার, কলিয়ারকাপন বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ কালে বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদান কালে পাবেল চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রলের মাধ্যমে রাজনীতি শুরু করি। আমার পিতা এই এলাকায় ৬০ বছর রাজনীতি করেছেন। দিরাই শাল্লার মাটি ও মানুষের সাথে তার আত্মার সম্পর্ক ছিল।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সেবা করার মহান ব্রত নিয়ে আপনাদের পাশে এসেছি। নেতা হতে আসিনি, সেবক হতে এসেছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমি অভিভূত। তিনি বলেন, আমার চাচা দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য গোলাম জিলানী চৌধুরী ও আমার বাবা আব্দুস শহীদ চৌধুরী আজীবন আপনাদের সাথে নিয়ে রাজনীতি করে গেছেন, তাদের পথ ধরে আমি ও আপনাদের সেবা করতে চাই। দেশনায়ক তারেক রহমানের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস।যতদিন বেঁচে থাকবো দিরাই শাল্লার অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা আমার জীবনের পথ চলার পাথেয়। তিনি দুঃখ করে বলেন, আমরা হাওরবাসী অনেক বড় বড় নেতাদের জন্ম দিয়েছি। এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি সহ কোনো সেক্টরেই তারা আশানুরূপ উন্নয়ন করতে পারেননি। তাই এলাকার সার্বিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গনসংযোগে অংশ নেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: