হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। রবিবার ভোরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার সুজন স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হল -- জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ শান্ত মিয়া (২২),একই উপজেলার দক্ষিণ আমকান্দি গ্রামের মো: মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫), পাকুরিয়া গ্রামের আফসর আলীর ছেলে কদর আলী হেলাল (২৫)। আজ রবিবার বিকাল ৩টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানায় র্যাব-৯।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় - শায়েস্তাগঞ্জ পুরাতন বাজারস্থ সুজন স্টোর এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে রবিবার ভোর ৫টায় র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যাবার চেষ্টাকালে তাদেরকে আটক করে। পরে তাদের দেখানো দুইটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন - গ্রেফতারকৃতদের ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: