জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ শয়নকক্ষ থেকে সামছুল আবেদীন (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। সামছুল আবেদীন ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৮টার দিকে সামছুল আবেদীনের বোন ফাতেমা বেগম তাঁকে নাস্তা দিয়ে আসে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে তাঁর মা সুরভী বেগম তাঁকে ডাকতে গেলে সামছুলকে গলায় উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সামছুল আবেদীনের মা সুরভী বেগম জানান, সকালের নাস্তা খাওয়া-দাওয়ার পর সে কেন এমন কাজ করল তা আমরা কেউ জানি না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি। ওই যুবক মাদকাসক্ত ছিল। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
তাহির আহমদ
মন্তব্য করুন: