বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তাই সাংবাদিকদের অবশ্যই নীতি-নৈতিকতা মেনে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। অপসাংবাদিকতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আরও বলেন, “প্রেস কাউন্সিল সাংবাদিকদের শাস্তি দেওয়ার প্রতিষ্ঠান নয়। শাস্তির জন্য দেশে অন্যান্য সংস্থা রয়েছে। সাংবাদিকদের বিভাজন সৃষ্টি করা হলে তার ক্ষতি হবে নিজেরই। অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।”
তিনি বলেন, ‘সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তার সুফল কারো কাছে যাবে না। ঐক্যবদ্ধ না থাকলে কোন অধিকারই রক্ষা করা সম্ভব হবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। কর্মশালায় সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন: