‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা’—সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে এনসিপি নেতা স্বপন
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেন।
তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার চকবাজারস্থ অস্থায়ী নৌকাঘাট দখল সংক্রান্ত বিষয়ে তাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্থানীয়রা ওই নৌকাঘাট পরিচালনা করছে। এ বিষয়ে তার ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই।
স্বপন অভিযোগ করে আরও বলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে নৌকাঘাটটি দখলে রেখেছিলেন। সম্প্রতি এ বিষয়ে সহযোগিতা চাইলে তিনি (স্বপন) ইউএনও’র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারেক তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেন।
তিনি জানান, চকবাজার এলাকায় তার মালিকানাধীন জমিতে মানবিক কারণে কয়েকটি পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু নিজের জমিতে ঘর নির্মাণের জন্য জায়গা ফেরত চাইলে একটি পক্ষ অপপ্রচার শুরু করে। “এই সব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই,” বলেন স্বপন।
অবসরের আগে বিমানবাহিনীতে দায়িত্বশীলভাবে চাকরি করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার পরিবার সততা ও নিষ্ঠার সঙ্গে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছে। চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে আমাদের পরিবারের কেউ কখনো যুক্ত ছিল না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের জেলা আহ্বায়ক মো. জহুর আলী, এনসিপি জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক আব্দুস ছোবহান, যুগ্ম সমন্বয়ক মো. ইমরান হোসেন ও মো. হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ রহমান
মন্তব্য করুন: