তাহিরপুরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ৩১ দফা প্রচারে এমপি প্রার্থী সালমা নজির
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জ-১ আসনের হাওরপাড়ের জনতার দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার চালাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী এবং সম্ভাব্য এমপি প্রার্থী সালমা নজির।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনভর তিনি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজার, পাঠাবুকা, মানিকখিলা, রামসিংহপুর, হুকুমপুর, উক্তিয়ারগাঁও, লামাগাঁও বাজার ও রামজীবনপুর গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাদের কাছে তুলে ধরেন।
এ সময় সালমা নজির বলেন, “আমি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসিনি, এসেছি আপনাদের আপনজন হয়ে। আপনাদের চোখেমুখে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। যখন আপনারা সবাই একসাথে বলে উঠেছেন ‘আমরা আপনাকে চাই’, তখন আমার দায়িত্ব বহুগুণে বেড়ে গেছে। প্রয়াত নজির হোসেন সারাজীবন টাঙ্গুয়ার হাওরের মানুষের স্বপ্ন দেখেছেন, আমিও সেই স্বপ্ন পূরণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষা, কৃষক-জেলে-ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নত শিক্ষা-স্বাস্থ্যসেবা এবং একটি নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার রয়েছে। এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা। দল যদি আমাকে সুযোগ দেয়, আপনাদের সঙ্গে নিয়েই এই দফাগুলো বাস্তবায়ন করে নতুন ও সমৃদ্ধ হাওরপাড় গড়ে তুলবো।”
স্থানীয় জনতা সালমা নজিরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন। তারা জানান, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে ও হাওরপাড়ের উন্নয়নে সালমা নজিরকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চান।
এ রহমান
মন্তব্য করুন: