প্রবীণ সাংবাদিক কায়েস চৌধুরীর মৃত্যুতে জগন্নাথপুরের সাংবাদিক ফোরামের শোক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব কায়েস চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। খবরটি ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক এবং দীর্ঘদিনের পথসঙ্গীরা কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা নেয়াজ আহমদ। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, কায়েস চৌধুরী ছিলেন একজন খ্যাতনামা ক্রাইম সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংবাদিকতায় যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও এলাকার এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
এ রহমান
মন্তব্য করুন: