ছাতকে মানববন্ধন: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।
বক্তারা বলেন, “২০২০ সালে সংসদে আইন প্রণয়ন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ সুনামগঞ্জ পৌর এলাকার কিছু ব্যক্তি পরিবেশের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের চেষ্টা করছেন। তারা স্মারকলিপি প্রদানের মাধ্যমে বিদ্যাপীঠের অগ্রযাত্রা থামাতে চাচ্ছেন। যারা পরিবেশের দোহাই দেন, তারা প্রকৃতপক্ষে বালুপাথর উত্তোলন করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়, সুনামগঞ্জ জেলার ২২ লাখ মানুষ তাদের ক্ষমা করবে না। সুনামগঞ্জের ১২টি উপজেলার সর্বস্তরের মানুষ একযোগে বিশ্ববিদ্যালয় রক্ষায় অচল অবস্থা সৃষ্টি করতে পারে।”
মানববন্ধনে ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: