শ্রীমঙ্গলে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সাইটুলা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ভারতীয় ফুচকা ও একটি মোটরসাইকেলসহ ফোরকান মিয়া নামে এক পাচারকারীকে আটক করে তারা। আটক ফোরকান মিয়া শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আফজাল মিয়ার ছেলে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “জব্দকৃত চোরাচালান পণ্য এবং আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হচ্ছে। চোরাচালান ও মাদক চক্র শনাক্ত ও দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: