ধর্মপাশা-মধ্যনগর সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ
Led Bottom Ad

৭২ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের

ধর্মপাশা-মধ্যনগর সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১০/২০২৫ ১৭:১৭:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বছরের পর বছরের আশ্বাসের পরও সংস্কার না হওয়ায় অবশেষে সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কের ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত অংশের পুনর্নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর ব্যানারে রাজনগর এলাকায় এই অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অবরোধ চলাকালে জরুরি সেবা ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ ছিল, ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সড়ক সংস্কারের কোনো ইতিবাচক উদ্যোগ না দেখা গেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি প্রশাসনের কর্মকর্তাদের ইজিবাইকে চলাচলের পরামর্শও দেন তারা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মুফতি মোল্লা মাহমুদ হাসান এবং পরিচালনা করেন নাজমুল ইসলাম তপু। এসময় বক্তব্য দেন সদস্য আজহারুল ইসলাম দীপ্ত, সামিউল হক সৌরভ, অনিক মজুমদার, মুফতি মহসিন উদ্দিন, সাইফুল ইসলাম, মুফীদ শাহ, যোবেয়ার আলম প্রমুখ।

প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ধর্মপাশা-মধ্যনগর সড়কটি নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের আওতায়। ২০১৭ সালে একবার সংস্কার হলেও দুর্বল কাজের কারণে কিছুদিনের মধ্যেই সড়কটি পুনরায় ভেঙে যায়। এরপর থেকে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

অবরোধ চলাকালে নেত্রকোনা সওজের উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “গত ১৩ অক্টোবর মন্ত্রণালয়ের সভায় ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী মাসে টেন্ডার হবে এবং ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কাজ শুরু করা যাবে।”

এদিকে নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মুফতি মোল্লা মাহমুদ হাসান বলেন, “প্রতিবারই সংস্কারের নামে প্রহসন চলে, কিন্তু স্থায়ী সমাধান হয় না। এবার জনগণের সামনে সওজের নির্বাহী প্রকৌশলীকে এসে বিস্তারিত জানাতে হবে।”

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, “নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী বুধবার ধর্মপাশায় এসে স্থানীয়দের সঙ্গে বৈঠক করবেন এবং সড়ক সংস্কারের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad