শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ছয়জনকে হত্যার হুমকি, থানায় জিডি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন সাংবাদিকসহ ছয়জনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হুমকির মুখে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দৈনিক খোলা কাগজ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক। অন্যরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের নেতা নাঈম হাসান, এনসিপির সদস্য হায়দার আলী ও নাঈম।
ভুক্তভোগীদের অভিযোগ, গত রোববার (২১ ডিসেম্বর) ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটি অজ্ঞাত আইডি থেকে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে এলাকায় উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ১১৬৩।
জিডিতে উল্লেখ করা হয়, ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মো. মুজাহিদুল ইসলামের মেসেঞ্জারে তাঁকে ও আরও কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়।
মো. মুজাহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা নিয়মিত ভয়ভীতি ও হুমকির মুখে পড়ছেন। সর্বশেষ ঘটনায় তাঁরা ছয়জন থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানালে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়।
সাংবাদিক এহসানুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে এর আগেও তাঁকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। নতুন করে হত্যার হুমকিতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিককে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: