অনুমতি ছাড়াই আয়োজন, হবিগঞ্জে তাহেরীর ওয়াজ মাহফিল স্থগিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুমতি ছাড়াই ওয়াজ মাহফিল আয়োজনের অভিযোগে একটি সুন্নি মাহফিল স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হযরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। মাহফিলের প্রধান অতিথি ও বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। তিনি হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের এমপি পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন অনুষ্ঠান স্থগিত করা হলো, সে বিষয়ে তাঁদের কোনো লিখিত বা সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এতে আর্থিক ও সাংগঠনিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, আশপাশের এলাকায় নিয়মিতই ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। সেগুলোর ক্ষেত্রে অনুমতির বিষয়টি সামনে আসে না। অথচ তাঁদের মাহফিলের ক্ষেত্রেই কেন এত কঠোর ব্যবস্থা নেওয়া হলো—তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আয়োজকদের দাবি, বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফোন করে মাহফিলের বিষয়ে খোঁজ নেওয়া হয়। পরে আবার ফোন করে অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।
এদিকে আলোচনা চলছে, একজন এমপি পদপ্রার্থীকে প্রধান অতিথি করার বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়ে কি না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, মাহফিল আয়োজনের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। সে কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
তবে উপজেলায় বর্তমানে অন্য ওয়াজ মাহফিল বা ওরস অনুমতি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: