শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মৌলভীবাজারে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাশিপুর চা-বাগানে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে বাগানের কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন তাঁরা।
কাশিপুর চা-বাগান পঞ্চায়েতের সেক্রেটারি লছমন পাশি শনিবার (২৭ ডিসেম্বর) বলেন, ২০০১ সালে ১৪৫ একর জমির ওপর কাশিপুর চা-বাগান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৩৮ জন শ্রমিক কাজ করছেন। ২০১৭ সালে আইনি জটিলতার কারণে বাগানটি শিল্পপতি রাগিব আলীর মালিকানা থেকে বাংলাদেশ চা বোর্ডের অধীনে আসে। সে সময় শ্রমিকদের সঙ্গে চুক্তি হয়েছিল, কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ অস্থায়ী ১২২ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
লছমন পাশি আরও বলেন, ‘হঠাৎ করে এতজন শ্রমিক ছাঁটাই করা হলে তাঁদের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়বে। শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।’
শ্রমিকদের অভিযোগ, চা বোর্ডের অধীনে যাওয়ার পর থেকে তাঁরা শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসব দাবিতে তাঁরা বাগানে কাজ বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন।
কাশিপুর চা-বাগানের ব্যবস্থাপক আশরাফুল হক বলেন, ব্যয় কমানোর জন্য কর্তৃপক্ষ অন্য চা-বাগান থেকে শ্রমিক এনে কাজ পরিচালনার বিষয়ে চিন্তাভাবনা করছে।
এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াসমিন পারভিন তিবরিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ডি আর ডি
মন্তব্য করুন: