চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনভর অভিযান, জরিমানা২ লাখ টাকা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুটি ট্রাক্টর, বালু উত্তোলনের ১০টি মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ও জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাশতলা-কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন নদীসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর, ১০টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের একটি নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে আমকান্দি এলাকার মো. আব্দুল হকের ছেলে মো. অলিউর রহমান সোহাগ (৩০)-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে নয়জনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: