মাধবপুরে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের ওপর হামলা, সভাপতি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলার অভিযোগে ওই কমিটির সভাপতি শাহীন আলম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বহরা ইউনিয়নে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। বুধবার সন্ধ্যায় এ বিষয়ে আলোচনা সভায় বসেন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা। সভাকালে কমিটির সদস্য তালিকায় নিজের অনুসারীদের সংখ্যা কম রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ হন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮)। এ নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে শাহীন আলম রিপন ও তার সমর্থিত কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমজাদ আলী শাহীনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন আমজাদ আলী শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার সকালে আহতের ছোট ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা (মামলা নং-১৭/২০২৬) হিসেবে রুজু করে।
মামলা দায়েরের পর মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এবং নিজ গ্রাম শ্রীধরপুর থেকে অভিযুক্ত শাহীন আলম রিপনকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের পুত্র।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
এ রহমান
মন্তব্য করুন: