হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান।
তিনি জানান, মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ২০ কেজি গাঁজা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের তুষ ভর্তি বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
এদিকে একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় চোরাই পণ্য ও মাদক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: