বিশ্ব জলাভূমি দিবসে পরিযায়ী পাখি রক্ষায় সচেতনতামূলক বিলবোর্ড
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার লামাপাড়া কবরস্থানসংলগ্ন জলাভূমিতে পরিযায়ী পাখির অভয়াশ্রম এলাকায় একটি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট। বিলবোর্ডে দেশি ও পরিযায়ী পাখি রক্ষায় আইনগত বার্তা তুলে ধরা হয়েছে।
বিলবোর্ডে উল্লেখ করা হয়, দেশি ও পরিযায়ী পাখি প্রকৃতির বন্ধু এবং এদের প্রতি যত্নশীল হওয়া সবার দায়িত্ব। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ; এর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা।
বিলবোর্ড স্থাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণে পরিবেশকর্মীরা গত দুই দশক ধরে সিলেটে কাজ করে যাচ্ছেন। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে সিলেট নগরীতে পাখি সংরক্ষণ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।
তিনি আরও বলেন, নগরের অভ্যন্তরের জলাভূমিগুলোতে এখন পরিযায়ী পাখির অবাধ বিচরণ দেখা যাচ্ছে, যা নগরবাসীর জন্য গর্বের বিষয়। বিশেষ করে লামাপাড়ার এই জলাভূমি ও মাছুদিঘিতে চলতি মৌসুমে উল্লেখযোগ্যসংখ্যক পরিযায়ী পাখি এসেছে। তবে কিছু এলাকায় পাখি শিকারীদের তৎপরতা উদ্বেগজনক হওয়ায় মানুষকে আরও সচেতন করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় বিলবোর্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রেফাই সরকার। উদ্বোধনকালে তিনি বলেন, সিলেট নগরীর পরিবেশ উন্নয়নে ছড়া ও খাল পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো হচ্ছে। জলাভূমিতে পরিযায়ী পাখির উপস্থিতি প্রমাণ করে এখানকার মানুষ প্রকৃতিপ্রেমী। যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের নগরী অবশ্যই পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য রোমেনা বেগম রোজী, সোহাগ তাজুল আমিন, আব্দুর রহমান হীরা এবং স্থানীয় বাসিন্দারা।
ডি আর ডি
মন্তব্য করুন: