তাহিরপুরে শহীদ সিরাজ লেক দখলে, প্রশাসনের নীরবতা
Led Bottom Ad

অবৈধ দোকান অপসারণের দাবি

তাহিরপুরে শহীদ সিরাজ লেক দখলে, প্রশাসনের নীরবতা

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/১২/২০২৫ ২০:৪৪:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র শহীদ সিরাজ লেক, যা ‘নীলাদ্রি লেক’ নামেও পরিচিত, বর্তমানে অবৈধ দখলের কারণে তার অপরূপ সৌন্দর্য হারাচ্ছে। পশ্চিম পাশে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দোকানপাট স্থাপনের ফলে লেকের মনোমুগ্ধকর দৃশ্যপট শ্রীহীন হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সচেতন মহল ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


মেঘালয় পাহাড় ঘেঁষে উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত শহীদ সিরাজ লেককে পর্যটকেরা ‘বাংলার কাশ্মীর’ বলে অভিহিত করেন। টাংগুয়ার হাওর পরিদর্শনের পর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক এখানে আসেন। বর্ষা মৌসুমসহ সারাবছরই লেকটি সৌন্দর্য পিপাসু দর্শনার্থীদের আকর্ষণ করে।


স্থানীয়দের অভিযোগ, পূর্বে ভ্রাম্যমাণ দোকানি হিসেবে ব্যবসা করা ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় লেকের এলাকা স্থায়ীভাবে দখল করে দোকান কোটা নির্মাণ করেছেন। লেকের পাড়ে এসব স্থাপনা নির্মাণের ফলে প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


পর্যটক ফাদিন আহমেদ বলেন, “লেকের সৌন্দর্য দিন দিন হারাচ্ছে। একদম পাড়েই দোকান কোটা তৈরি হয়েছে। যদি ব্যবসা লেক থেকে দূরে সরানো হয়, সৌন্দর্যও রক্ষা হবে, আর ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। দ্রুত পদক্ষেপ না নিলে পর্যটকরা এখানে আসা কমিয়ে দেবে।”


স্থানীয় বাসিন্দা মুমিন মিয়া ও অন্যান্যরা জানিয়েছেন, শহীদ সিরাজ লেক তাহিরপুরের জন্য এক অমূল্য সম্পদ। এটি রক্ষার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।


সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, “অবৈধ দখলের বিষয়টি আমার জানা আছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”


এদিকে, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানিয়েছেন, “শহীদ সিরাজ লেক এলাকায় দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে।” স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা আশা করছেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে লেকটিকে অবৈধ দখলমুক্ত করবে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad