বিজিবির অভিযান
মাধবপুরে আড়াই কোটি টাকার ভারতীয় ওষুধ ও ট্রাক জব্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক ঝটিকা অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষুধ, মেহেদী ও মদসহ একটি ট্রাক জব্দ করেছে। শনিবার (২৮ মার্চ) রাতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বড় ধরনের সাফল্যের কথা জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক আটক করে। তল্লাশিকালে দেখা যায়, ট্রাকের ভেতরে ভাঙ্গারি মালের নিচে বিশেষ কায়দায় তৈরি পাটাতনের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও মেহেদী লুকিয়ে রাখা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাধবপুরের তেলিয়াপাড়া এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে যথাক্রমে ২৩ ও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
লেঃ কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: