ইসরায়েলের নির্বাচনে এগিয়ে কে, কী বলছে বুথফেরত জরিপ?
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হয় বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট—কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাদের এক্সিট পোলের ফল প্রকাশ করে। এসব পূর্বাভাসে দুই প্রধান পক্ষের মধ্যে আসনসংখ্যার ব্যবধান কম থাকার চিত্র উঠে এসেছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর জরিপ অনুযায়ী, বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫০। অন্যদিকে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চ্যানেল ১৩-এর এক্সিট পোলেও কাছাকাছি চিত্র দেখা গেছে। এই জরিপে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫৩, নেতানিয়াহুর জোটের ৫০ এবং আরব দলগুলোর ১৭টি।
ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এক্সিট পোলের পূর্বাভাস বাস্তব ফলাফলে প্রতিফলিত হলে সরকার গঠনের জন্য বিভিন্ন পক্ষের মধ্যে সমর্থন আদায়ের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে আরব দলগুলোর আসনসংখ্যা এ ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।
প্রাথমিক জরিপের ফল নিয়ে নেতানিয়াহু সরকারের সমালোচনা করেছেন বিরোধী নেতারা। বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের ভাষ্য, এই পূর্বাভাস নেতানিয়াহু এবং ‘৭ অক্টোবরের সরকারের’ প্রতি আস্থার ঘাটতি তুলে ধরছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: