‘চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করুন’
Led Bottom Ad

সংসদে হবিগঞ্জ-৪ আসনের এমপির দাবি

‘চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করুন’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২০/০৪/২০২৬ ২৩:৩৭:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদে চা শ্রমিকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন—ভিটা ভূমির অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন। তিনি বলেন, চা শ্রমিকরা বংশ পরম্পরায় এ দেশে বসবাস করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো তারা ভূমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ফলে তারা বিশুদ্ধ পানি, উন্নত শিক্ষা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকারগুলো না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চা শ্রমিকদের দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে আনতে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি জানান, স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও ওষুধের তীব্র সংকট রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

সংসদ সদস্য তাঁর বক্তব্যে মাধবপুর-চুনারুঘাট এলাকার অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ ও গ্যাস ক্ষেত্রের পাশাপাশি ৫০টিরও বেশি রপ্তানিমুখী শিল্প কারখানা গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেখানে দ্রুত ‘শিল্প পুলিশ’ নিয়োগের দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে।

সংসদ সদস্যের এই বক্তব্যে হাওর ও চা বাগান বেষ্টিত এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “সংসদে আমাদের ভূমি অধিকার নিয়ে আলোচনা হওয়ায় আমরা আশাবাদী হয়েছি। এটি বাস্তবায়িত হলে চা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান আমূল বদলে যাবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভূমির অধিকার নিশ্চিত হলে চা শ্রমিকরা স্থায়ীভাবে উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad