সিলেটে এক নারীর ভুয়া আইনজীবী পরিচয়ে ডিজিটাল প্রতারণা
Led Bottom Ad

মুচলেকায় মুক্তি

সিলেটে এক নারীর ভুয়া আইনজীবী পরিচয়ে ডিজিটাল প্রতারণা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৪/২০২৬ ০২:১২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নিজেকে “এডভোকেট” পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আইন পেশাজীবীদের মধ্যে।


জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রুমানা আক্তার নামে এক নারী দীর্ঘদিন ধরে ফেসবুক (আইডি: Liza Jannat) ও টিকটক (আইডি: Advocate Liza Jannat Vai Amr Jan) ব্যবহার করে নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, এসব পরিচয়ের আড়ালে তিনি বিভ্রান্তিকর ও অশোভন কনটেন্ট প্রকাশ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন, যা আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।


গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিলেট কোর্ট প্রাঙ্গণে সংশ্লিষ্ট আইনজীবীরা তাকে শনাক্ত করেন। এ সময় উপস্থিত আইনজীবীদের জিজ্ঞাসাবাদে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম সম্পর্কে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান করেন।


পরবর্তীতে তাকে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সমিতির সেক্রেটারির উপস্থিতিতে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। প্রমাণের ভিত্তিতে এবং সমিতির সম্মান রক্ষার্থে তাকে ‘টাউট’ হিসেবে ঘোষণা করা হয়।


মানবিক দিক বিবেচনায় প্রথম দফায় তাকে সতর্ক করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে ছিল—তার সকল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ডিএকটিভেট করা, বিভ্রান্তিকর ভিডিও অপসারণ করা এবং কোর্ট প্রাঙ্গণে অনধিকার প্রবেশ থেকে বিরত থাকা। এ বিষয়ে তার কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।


তবে অভিযোগ উঠেছে, তিনি পরবর্তীতে এসব শর্ত ভঙ্গ করে পুনরায় একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


এ ঘটনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল সমিতির সম্মানিত সদস্যবৃন্দ ও সাধারণ জনগণকে উক্ত ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


আইনজীবী মহল মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া পরিচয়ে প্রতারণা রোধে আরও কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। একইসঙ্গে সাধারণ জনগণকেও যেকোনো আইনগত সেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad