চুনারুঘাটে মাদ্রাসার দুই ছাত্রের পায়ে শিকল
Led Bottom Ad

উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

চুনারুঘাটে মাদ্রাসার দুই ছাত্রের পায়ে শিকল

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২২/০৪/২০২৬ ১১:৪১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পায়ে শিকল বাঁধা অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং দুই পা শিকলে বাঁধা অবস্থায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ওই দুই শিশুকে চুনারুঘাট বাজারে ধীরগতিতে হাঁটতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে শিকল কেটে তাদের থানা হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

উদ্ধারকৃত শিশুরা হলো—হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)। তারা চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক বিভাগের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিশু প্রায়ই মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যেত। তাই পালিয়ে যাওয়া ঠেকাতে সম্প্রতি তাদের মা-বাবা ৪০০ টাকা দিয়ে শিকল কিনে মাদ্রাসায় ছাত্রদের পায়ে তালা দিয়ে বেঁধে রেখে যান। মঙ্গলবার দুপুরে সুযোগ বুঝে তারা মাদ্রাসা থেকে বেরিয়ে শিকল কাটানোর জন্য বাজারে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, শিশুদের পায়ে শিকল পরানো একটি অমানবিক কাজ। স্থানীয়রা তাদের পরিষদে নিয়ে এলে দ্রুত শিকল কেটে তাদের নিরাপত্তার জন্য থানায় হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের পরামর্শেই শিশুদের পায়ে শিকল পরানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মঙ্গলবার বিকেলে ওই দুই ছাত্রকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অমানবিক আচরণ না করার জন্য পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad