হবিগঞ্জ-সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ৪
হাওরাঞ্চলে বৈরী আবহাওয়া ও বজ্রপাতের ঘটনায় হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক স্থানে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার আব্দুল সালাম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটছিলেন মকসুদ মিয়া। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন আব্দুল সালাম।
এ ঘটনায় বানিয়াচং উপজেলার গড়পাড়া গ্রামের সামরুজ মিয়া (৫০) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জমির উদ্দিন, গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন এবং জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের আবু সালেহ।
স্থানীয়রা জানান, জমির উদ্দিন হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে নদীর ঘাটে দোকান খুলতে গেলে বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অন্যদিকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান আবু সালেহ।
এ ছাড়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন।
চলমান বোরো মৌসুমে হাওরাঞ্চলে ধান কাটার ব্যস্ততার মধ্যেই ঘনঘন বজ্রপাত কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জীবিকার তাগিদে মাঠে নামলেও প্রতিনিয়ত জীবনঝুঁকিতে কাজ করতে হচ্ছে তাদের।
ডি আর ডি
মন্তব্য করুন: