দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
মৌলভীবাজারের চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা হয়েছে এই উপজেলায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫৮ মিলিমিটার। গত চার দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২৬ এপ্রিল ৫০ মিলিমিটার এবং ২৫ এপ্রিল ৩০ মিলিমিটারসহ গত চার দিনে মোট ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। ভারী বৃষ্টির পাশাপাশি সোমবার রাত সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলে ঝোড়ো হাওয়া বয়ে যায়, যার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল)।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে চা বাগানসহ নিচু এলাকার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সংশ্লিষ্টরা চাষিদের আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: