রাজনগরে বড় ব্রিজে ধানের অস্থায়ী বাজার, কৃষকের মুখে স্বস্তির হাসি
Led Bottom Ad

রাজনগরে বড় ব্রিজে ধানের অস্থায়ী বাজার, কৃষকের মুখে স্বস্তির হাসি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩০/০৪/২০২৬ ১৬:১৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভোরের আলো ফুটতেই পশ্চিমবাগ বড় ব্রিজ এলাকায় জমে উঠছে ব্যস্ততা। একে একে হাওর থেকে নৌকা, ভ্যান কিংবা মাথায় বোঝা করে কৃষকেরা নিয়ে আসছেন সদ্য কাটা ধান। কিছু সময়ের মধ্যেই জায়গাটি পরিণত হচ্ছে হাওরের ধানের এক প্রাণচঞ্চল অস্থায়ী বাজারে।


রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমবাগ বড় ব্রিজ এলাকায় প্রতিদিন বসছে এই ব্যতিক্রমী বাজার। আশপাশের হাওর থেকে কৃষকেরা নিজেদের হাতে কাটা ধান সরাসরি এনে বিক্রি করছেন। ফলে ক্রেতারাও কৃষকের কাছ থেকেই টাটকা ধান কেনার সুযোগ পাচ্ছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে ধান কেনাবেচা। এখানে পাইকারি ও খুচরা—দুইভাবেই ধান বিক্রি হচ্ছে। কেউ একসঙ্গে বেশি পরিমাণে কিনছেন, আবার কেউ সংসারের প্রয়োজন অনুযায়ী অল্প করে নিচ্ছেন।


এই বাজারে ধান বিক্রি করতে আসা এক কৃষক বলেন, “মধ্যস্বত্বভোগীর কাছে কম দামে দিতে হয় না। নিজের হাতে কাটা ধান নিজেই বিক্রি করছি, এতে লাভও ভালো হচ্ছে।”


ক্রেতাদেরও স্বস্তি কম নয়। এক ক্রেতা বলেন, “সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে পারছি। ধান ভালো, দামও তুলনামূলক কম।”


প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে ভিড় করছেন পশ্চিমবাগ বড় ব্রিজ এলাকায়। মানুষের আনাগোনা, দরদাম আর ধান ওঠানামার ব্যস্ততায় এলাকাটি এখন যেন এক প্রাণবন্ত জনপদ।


স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্যও সুবিধাজনক। হাওরাঞ্চলের পরিশ্রমী কৃষকের ঘামে ফলানো ধান যখন সরাসরি বাজারে পৌঁছে যায়, তখন লাভবান হন কৃষকও, ক্রেতাও।


পশ্চিমবাগ বড় ব্রিজ এলাকার এই অস্থায়ী বাজার তাই শুধু ধান বিক্রির জায়গা নয়, এটি কৃষকের স্বস্তি আর গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনার গল্পও।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad