মৌলভীবাজারে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক সাবেক স্ত্রী ও সহযোগী
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে তালাকপ্রাপ্ত স্বামীকে নাজেহাল করতে পুলিশ সুপারকে সরাসরি ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন জেসমিন আক্তার নামের এক নারী। এসময় তাঁর সহযোগী মইনুল ইসলাম চৌধুরী সামাদকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানা থেকে তাঁদের আটক করা হয়।
আটক জেসমিন আক্তার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের তাহির আলীর মেয়ে এবং সামাদ একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আক্তারের সাথে তাঁর সাবেক স্বামী মাহতাব মিয়ার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও মামলা চলছে। বর্তমানে মাহতাব মিয়া বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শুনে জেসমিন তাঁকে আটকানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নগদ ২ লাখ টাকাসহ সহযোগী সামাদকে নিয়ে তিনি কুলাউড়া থানায় যান। কাকতালীয়ভাবে তখন থানা পরিদর্শনে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
জেসমিন আক্তার সাবেক স্বামীর বিদেশ যাওয়া বন্ধের অনুরোধ নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করেন। এসময় তাঁর সহযোগী সামাদ কৌশলে ২ লাখ টাকার মধ্য থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে বাকি ৪০ হাজার টাকা পুলিশ সুপারের হাতে দেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নির্দেশে দুজনকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাঁদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী বেশ কয়েকদিন ধরে তাঁর সাথে দেখা করার চেষ্টা করছিলেন এবং অন্যায় তদবিরের অংশ হিসেবেই এই ঘুষ দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: