কালবৈশাখীর তাণ্ডব
গাছ উপড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ‘গাড়িভাঙা’ নামক স্থানে কালবৈশাখী ঝড়ে একাধিক বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (২ মে) দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শুরু হওয়া তীব্র ঝোড়ো হাওয়ায় বনাঞ্চলের ভেতর বেশ কিছু গাছ উপড়ে সরাসরি সড়কের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ লাইনে গাড়ি আটকা পড়ে। বনাঞ্চলের গভীর এলাকায় যাতায়াতকারী পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এই আকস্মিক দুর্যোগে বিপাকে পড়েন।
ঘটনার পরপরই সড়ক যোগাযোগ সচল করতে পুলিশ, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে গাছের আকার বড় হওয়ায় এবং বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা ধীরগতিতে চলছে বলে জানা গেছে। শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনের ভেতর একাধিক স্থানে গাছ পড়ে সড়ক অবরুদ্ধ হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বন বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কটি বন্ধ হওয়ার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গাছগুলো সরিয়ে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চলছে।
এ রহমান
মন্তব্য করুন: