শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিকে কুপিয়ে হত্যা: ঘাতক আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতর নামাজরত অবস্থায় হাফিজ মিয়া নামে এক বৃদ্ধ মুসল্লিকে নির্মমভাবে খুঁচিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের জামাত চলাকালীন হাফিজ মিয়া যখন সিজদারত ছিলেন, তখন একই এলাকার জসীম মিয়া (৩০) হঠাৎ মসজিদে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ঘাতক একটি কলম দিয়ে হাফিজ মিয়ার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় মুসল্লিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক জসীম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক মুন্না ও এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে নিহত হাফিজ উল্লাহর দোকান থেকে জসীম মিয়ার বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে পূর্ববিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিবাদের জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিশ্চিত হতে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: