বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্মাণকাজের সাইটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন আহমদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের বাদাই মিয়ার ছেলে এবং স্থানীয় বাসিন্দা সোহেল আহমদ সুনুর ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি নির্মাণাধীন সাইটে কাজ করছিলেন ইমন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের জীবন্ত তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তরতাজা এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে দোহালিয়া এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এদিকে, কর্মস্থলে ইমনের এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কাজের সাইটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: