ব্যবহার হচ্ছে পরিত্যক্ত ইটের কংক্রিট
কুলাউড়ার রবিরবাজার–কর্মধা সড়ক সংস্কারে অনিয়ম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার–কর্মধা সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজে নিম্নমানের ও পরিত্যক্ত ইটের কংক্রিট এবং সিমেন্টের গুড়া ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি প্রশস্তকরণের সময় দুপাশ খনন করে সেই মাটি ও খনন থেকে পাওয়া ইটের ভাঙা অংশ মিশিয়ে ভরাট করা হয়। শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বর্তমানে সড়কের বিভিন্ন অংশে কংক্রিটের স্তর সমান করতে গিয়ে পাশে পড়ে থাকা ভাঙা ইট ও পরিত্যক্ত কংক্রিট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কাজের স্থায়িত্ব ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা কামাল আহমেদ বলেন, “শুরু থেকেই কাজের মান নিয়ে নানা অভিযোগ রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, “কাদামাটি মিশ্রিত নিম্নমানের কংক্রিট দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক।”
অন্যদিকে শিবু দাস রায় জানান, সড়ক প্রশস্তকরণেও অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, এক পাশে প্রায় তিন ফুট জায়গা নেওয়া হলেও অন্য পাশে নেওয়া হয়েছে মাত্র এক ফুট। লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় বলেন, “বিষয়টি সরেজমিন পরিদর্শন করে দেখা হবে।”
ডি আর ডি
মন্তব্য করুন: