বিতর্কিত কর্মকাণ্ডের জেরে মৌলভীবাজারের এসপি বিল্লাল হোসেনের বদলি
আলোচিত ও বিতর্কিত নানা কর্মকাণ্ডের জেরে শেষ পর্যন্ত মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নৌ-পুলিশে স্থানান্তর করা হয়। একই আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এসপি বিল্লাল হোসেনের এই বদলি এমন এক সময়ে এলো, যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শহরের সাইফুর রহমান সড়কের পুরাতন সদর থানার সরকারি জমিতে প্রয়োজনীয় লিখিত অনুমোদন ছাড়াই প্রায় ১ হাজার ৩৫০ বর্গফুট জায়গার ওপর ৯ কক্ষবিশিষ্ট একটি টিনশেড মার্কেট নির্মাণ করেছেন তিনি। যার অধিকাংশই ইতিমধ্যে ভাড়ায় দেওয়া হয়েছে।
এসপি বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেবল অবৈধ মার্কেট নির্মাণই নয়, যোগদানের পর পুলিশ লাইন্সের গরু বিক্রি, স্বল্পমূল্যে দুধ সরবরাহ বন্ধ এবং সাধারণ মানুষের আইনি সহায়তার জন্য চালু থাকা ‘আপনার এসপি’ নামক ডিজিটাল সেবাটি বন্ধ করে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলায় অসন্তোষ দানা বাঁধলেও কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি।
অভিযোগের বিষয়ে বদলি হওয়া এসপি বিল্লাল হোসেন দাবি করেছেন, মার্কেটটি তিনি পুলিশের কল্যাণেই নির্মাণ করেছেন এবং এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কোনো অনুমতির কথা অস্বীকার করেছেন। ২০২৫ সালের ২৯ নভেম্বর মৌলভীবাজারে যোগদানের পর থেকেই তাঁর কর্মকাণ্ড নিয়ে দফায় দফায় বিতর্কের সৃষ্টি হয়। সর্বশেষ এই ভাইরাল ইস্যুর পরপরই এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তার রদবদলের তালিকায় তাঁর নাম উঠে এল।
জেলাবাসী আশা করছেন, নতুন এসপি যোগদানের পর পুলিশি সেবা পুনরায় গতিশীল হবে এবং বন্ধ হয়ে যাওয়া জনবান্ধব সেবাগুলো আবারও চালু হবে।
এ রহমান
মন্তব্য করুন: