নবীগঞ্জে স্কুলের রাস্তা দখল করে বিএনপি নেতার প্রাচীর নির্মাণের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা দখল করে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া গ্রামে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীর পক্ষে কামাল হোসেন নামে এক ব্যক্তি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ঝিটকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তার একাংশ দখল করে নিজের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছেন; গ্রামবাসী বাধা দিলেও তিনি তা অমান্য করে কাজ চালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়া ও শামীম মিয়া জানান, পঞ্চায়েতের নির্ধারিত সীমানা অমান্য করে নুরুল আমিন সামনের দিকে এগিয়ে আসায় স্কুলের রাস্তাটি ছোট হয়ে গেছে, যার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা নুরুল আমিন দাবি করেছেন যে তিনি কোনো সরকারি সড়ক দখল করেননি এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ আহমদ রাস্তার পাশে দেয়াল নির্মাণের সত্যতা নিশ্চিত করলেও সেটি সরকারি জমিতে কি না তা নিশ্চিত করতে পারেননি।
দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নবীগঞ্জ ইউএনও মো. রুহুল আমীন অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: