কুশিয়ারায় যুক্ত হলো নতুন ফেরি, স্বস্তি দুই পাড়ের মানুষের
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কুশিয়ারা নদীর রাজনগর ও বালাগঞ্জ উপজেলা অংশে নতুন ফেরি এসে পৌঁছেছে। শুক্রবার (৮ মে) হলুদ রঙের নতুন ফেরিটি ঘাটে ভিড়লে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণকাজ চলছিল। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যেই নতুন ফেরির আগমনে দ্রুত পারাপার ব্যবস্থা চালু হওয়ার আশা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন নদী পারাপারে নৌকার ওপর নির্ভর করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে উত্তাল স্রোতের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো সাধারণ মানুষকে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটত।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুশিয়ারা নদীর ওপর একটি সেতু নির্মাণের। তবে আপাতত ফেরি চালুর উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে দুই পাড়ের মানুষের মধ্যে। তাঁদের আশা, ফেরি চালু হলে যাতায়াত সহজ ও দ্রুত হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগেও গতি আসবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই নতুন ফেরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: