হবিগঞ্জে মা হত্যার বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন
Led Bottom Ad

পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জে মা হত্যার বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/০৫/২০২৬ ১৫:৩৭:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলা–এর কাজীহাটা গ্রামের নাজমা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁর মেয়ে নার্গিস আক্তার। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব কুমার দাশ–এর বিরুদ্ধে অসহযোগিতা ও হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।


আজ শনিবার (৯ মে) সকালে হবিগঞ্জ প্রেসক্লাব–এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন নার্গিস।


লিখিত বক্তব্যে নার্গিস আক্তার বলেন, তাঁর বাবা প্রবাসে থাকায় মা নাজমা আক্তার ও সৎমা সিতারা খাতুন সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচা তোরাব আলী দীর্ঘদিন ধরে তাঁদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।


নার্গিসের ভাষ্য, গত বছরের ১৮ অক্টোবর প্রতিপক্ষের হামলার পরদিন রাতে তাঁর মা নিখোঁজ হন। পরে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত বাঁধা ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন তিনি।


এ ঘটনায় ২৫ অক্টোবর বাহুবল থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


সংবাদ সম্মেলনে নার্গিস অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো বাদী ও সাক্ষীদের চাপের মুখে ফেলছেন। তিনি আরও বলেন, আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং তাঁকে হত্যার হুমকিও দিচ্ছে।


নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নার্গিস আক্তার মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad