চুনারুঘাটে বেহাল সড়কে হাজারো মানুষের চরম ভোগান্তি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার থেকে আতিকপুর, রাজাকোনা ও নাছিমাবাদ হয়ে গরমছড়ি পর্যন্ত বিস্তৃত জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি এখন বড় বড় গর্ত আর কাদামাটিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই পথে চলাচলকারী হাজারো মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে অনেক সময় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির এই বেহাল দশার কারণে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারজাতকরণে তাঁদের চরম বিপাকে পড়তে হচ্ছে। নাছিমাবাদ এলাকার বাসিন্দা মমিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কের এই করুণ দশা অনেক দিনের, অথচ এটি ঠিক করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ আরেক বাসিন্দা শাহজাহান মিয়া জানান, পুরো অঞ্চলের যোগাযোগের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি এখন স্থানীয়দের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কটি টেকসই সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, কর্দমাক্ত সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: