চা বোর্ডের চেয়ারম্যানের ‘বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেসবাহ উদ্দিন আহমেদ-এর সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে চা শ্রমিকদের নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। আজ রবিবার (১০ মে, ২০২৬) শ্রীমঙ্গলস্থ লেবার হাউজ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, এটিএন বাংলা চট্টগ্রামের ‘মুখোমুখি’ নামক অনুষ্ঠানে চা বোর্ড চেয়ারম্যান দাবি করেছেন যে, চা শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ৩/৪ ঘণ্টা কাজ করেন। তাঁর এই মন্তব্যকে অত্যন্ত দুঃখজনক এবং বাস্তব বিবর্জিত বলে উল্লেখ করেছে ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয়গুলো: শ্রমিক অবমাননার প্রতিবাদ: চা শ্রমিকরা যেখানে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত ৮ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানে চেয়ারম্যানের এই বক্তব্য তাদের কর্মনিষ্ঠাকে খাটো করেছে এবং মানসিকভাবে আঘাত দিয়েছে।
মালিকপক্ষের পক্ষপাতিত্বের অভিযোগ: নেতৃবৃন্দ অভিযোগ করেন, ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) সহ বিভিন্ন বাগানে শ্রমিকদের আবাসন, চিকিৎসা, বকেয়া পিএফ এবং নিয়মিত মজুরি নিয়ে সংকট থাকলেও চেয়ারম্যান সেসব সমস্যার কথা এড়িয়ে গিয়ে একতরফাভাবে মালিকদের পক্ষ নিয়েছেন।
ভ্রান্ত উৎপাদন লক্ষ্যমাত্রা চা শ্রমিকদের ‘ফাঁকিবাজ’ হিসেবে উপস্থাপনের বিপরীতে চেয়ারম্যান আগামী ১০ বছরে চা উৎপাদন ২৫০ মিলিয়ন কেজিতে নেওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তাকে অবাস্তব ও স্ববিরোধী বলে মনে করে ইউনিয়ন।
বক্তব্য প্রত্যাহারের দাবি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের সুনাম টিকিয়ে রেখেছে শ্রমিকরা। তাই তাদের নিয়ে দেওয়া এই বিভ্রান্তিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, চা শ্রমিকদের সম্মান ও জীবনমান রক্ষার স্বার্থে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন শেষ করা হয়।
মোঃ শাহিন আহমেদ
মন্তব্য করুন: