হবিগঞ্জে বাসচাপায় যুবদল নেতা নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ও বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক (৫৫) নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুজ্জামান ফারুক উপজেলার সাহাপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে। তিনি বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মনিরুজ্জামান বিকেলে মোটরসাইকেলযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে ইসলামাবাদ (মৌচাক) এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মনিরুজ্জামান ফারুকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: