যাত্রীদের চরম ভোগান্তি
মৌলভীবাজারে বাস আটকে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বাস ধর্মঘট
মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা এবং গাড়ি আটকে রাখার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে হবিগঞ্জ জেলা থেকে দেশের কোনো গন্তব্যে যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। আকস্মিক এই ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নির্দেশে তাঁর লোকজন শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখছে। গত দুই দিনে সেখানে ৩৫ থেকে ৪০টি গাড়ি আটক করা হয়েছে এবং প্রায় ২০০ শ্রমিক অনিরাপদ অবস্থায় রয়েছেন। এই ঘটনার সুষ্ঠু সমাধান ও প্রতিবাদে সোমবার রাতে জরুরি সভার মাধ্যমে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রহিম রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। গন্তব্যে পৌঁছাতে অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে বিকল্প উপায়ে যাতায়াত করতে দেখা গেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে দুপুরে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকার শঙ্কা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: