বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু: আহত ৩
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপক দাস (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মানাদি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রূপক রংপুর গ্রামের উপেন্দ্র কুমার দাসের ছেলে এবং পাকশাইল আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপক তার বন্ধুদের সঙ্গে মানাদি গ্রামের একটি বসতবাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে তার আরও তিন বন্ধুও বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপককে মৃত ঘোষণা করেন। আহত তিন বন্ধু বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রূপকের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাকশাইল আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: