হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, ভোগান্তি শেষে চলাচল শুরু
হবিগঞ্জ–সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার গভীর রাতে পরিবহন মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়। এর ফলে বুধবার সকাল থেকে এই মহাসড়কে বিরতিহীন বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সকাল থেকে দিনভর ধর্মঘট চলায় হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন এবং বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে দেওয়ার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সকলে আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুতই এই সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে।
এ রহমান
মন্তব্য করুন: