মৌলভীবাজার বহুতল ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে শুক্লা সিং (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত আটটার দিকে শহরের মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি শহরের আধুনিক মৌলভী চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি ওই বাসায় একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে শুক্লার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে তাঁর মা উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন। পরে প্রতিবেশীরা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: