মৌলভীবাজারে নির্বিচারে গাছ ও বাঁশ পাচারে হুমকির মুখে সংরক্ষিত বন
Led Bottom Ad

মৌলভীবাজারে নির্বিচারে গাছ ও বাঁশ পাচারে হুমকির মুখে সংরক্ষিত বন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৫/২০২৬ ১২:৩৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সবুজ পাহাড় আর ঘন বনের জেলা মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য এখন হুমকির মুখে। লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে গাছ ও বাঁশ কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী চক্র ও পাচারকারীদের অব্যাহত তৎপরতায় বন উজাড় হওয়ায় ধ্বংসের মুখে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।

মৌলভীবাজারের রাজকান্দি, জুড়ী, বড়লেখা ও কুলাউড়া রেঞ্জের বিস্তীর্ণ ও দুর্গম এলাকাগুলো এখন পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে স্থানীয়দের সহযোগিতায় বছরের পর বছর এই লুটতরাজ চলছে। সম্প্রতি কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটে দেখা গেছে, বর্ষায় পাহাড়ি ছড়ার পানির স্রোত কাজে লাগিয়ে বন থেকে বাঁশ ভাসিয়ে পাচার করা হচ্ছে। পরে রাস্তার পাশে স্তূপ করে ট্রাক বা পিকআপ ভ্যানে করে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও পাচারকারীরা এসব বাঁশ ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে কেনা বলে দাবি করে, তবে এলাকাবাসীর দাবি—এগুলো সরাসরি সংরক্ষিত বন থেকে আনা হয়েছে।

পরিবেশবাদীদের মতে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সম্প্রতি অর্ধশতাধিক গাছ চুরির চিহ্ন পাওয়া গেছে। গাছ ও বাঁশ উজাড়ের ফলে বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যসংকট হারোচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, এই পাচার শুধু বন নয়, পুরো প্রতিবেশ ও প্রাণীকুলের জন্য বড় হুমকি।

বন উজাড়ের বিষয়টি স্বীকার করলেও বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জনবল সংকটকে প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, অসাধু চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, কার্যকর ও কঠোর পদক্ষেপ না নিলে অচিরেই মৌলভীবাজারের এই প্রাকৃতিক ভারসাম্য অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad