মৌলভীবাজারে কক্ষের ভেতর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত শুক্লা সেন মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্লা সেন চাকরির সুবাদে শহরের ওই বাসায় একা থাকতেন। বুধবার দীর্ঘ সময় তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁরা কক্ষের ভেতরে উঁকি দিয়ে শুক্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। নিহত শুক্লা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষ্মী রানী সিনহা দম্পতির বড় মেয়ে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ রহমান
মন্তব্য করুন: