তিন উপজেলায় পৃথক ঘটনায় চাঞ্চল্য
মৌলভীবাজারে একদিনে চারজনের মরদেহ উদ্ধার
মৌলভীবাজার জেলার তিনটি উপজেলায় পৃথক ঘটনায় একদিনেই চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বড়লেখা, শ্রীমঙ্গল ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে ময়না গঞ্জ (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুলাউড়ার বাসিন্দা ছিলেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও ব্যক্তিগত সম্পর্কজনিত কারণকে ঘিরে মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়েছে পুলিশ। একই উপজেলার দক্ষিণ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকা থেকে মাহমুদ নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহ শনাক্ত করে পুলিশ উদ্ধার করে।
মৌলভীবাজার সদর উপজেলার মুসলিম কোয়ার্টার এলাকার একটি ভাড়া বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সব ঘটনায় পৃথকভাবে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: