‘ছেলে গেটে আটক, ইয়াবা উদ্ধার’
ভয় দেখিয়ে শাবিপ্রবি'র শিক্ষার্থীর বাবার ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল চক্র
‘ছেলে আটক, সঙ্গে ইয়াবা’-এই ভয় দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবার কাছ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
গত মঙ্গলবার (১২ মে) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন নাবিলের বাবাকে ফোন করে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে টাকা পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার শিক্ষার্থী শাহাদাত হোসেন নাবিল এই তথ্যটি নিশ্চিত করেন।
শিক্ষার্থী নাবিল বলেন, দুপুরে একটি অচেনা নম্বর থেকে তার বাবাকে ফোন দেওয়া হয়। ফোনে দাবি করা হয়, তাকে (নাবিলকে) বিশ্ববিদ্যালয় গেট থেকে আটক করা হয়েছে এবং তার কাছে ইয়াবা পাওয়া গেছে। শুধু তাই নয়, তার ফোনে জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলেও ভয় দেখানো হয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি এমনভাবে উপস্থাপন করা হয় যে, দ্রুত টাকা না দিলে বিষয়টি আরও বড় আকারে ছড়িয়ে দেওয়া হবে এবং তাকে আইনগত ঝামেলায় ফাঁসানো হবে। এমনকি কথোপকথনের মধ্যে কান্নার শব্দ শোনানো হয়, যাতে তার বাবা আরও আতঙ্কিত হয়ে পড়েন।
নাবিলের ভাষ্য অনুযায়ী, চাপের মুখে পড়ে তার বাবা একাধিক দোকান থেকে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন।
পরে তার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি তখন উতমাছড়া এলাকায় ঘুরতে ছিলেন এবং পুরো ঘটনাটিই ছিল একটি প্রতারণা। এরপর রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতিও চলছে।
এ বিষয়ে রাজনগর থানার উপপরিদর্শক অরুপ সরকার বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিকাশ স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোকলেছুর রহমান বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
ডি আর ডি
মন্তব্য করুন: