পুলিশের বিশেষ অভিযান
বড়লেখায় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ও সাবেক সেনাসদস্য গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩) বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বড়লেখা থানার পুলিশ দুর্গম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কবার্তা জারির পর থেকেই পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উগ্রবাদী সংগঠনের সদস্য মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশনায় এবং বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ দল বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালায়। দীর্ঘ ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে দুপুর ২টা ৩০ মিনিটে একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মাহেদ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন শাহবাগ থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উগ্রবাদী সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: